ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আগে থেকেই মোতায়ন ছিল মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln। এবার এর সঙ্গে যোগ দিতে আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে বিশ্বের অন্যতম আধুনিক সুপার ক্যারিয়ার USS Gerald R. Ford।
ওয়াশিংটনের পক্ষ থেকে এটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে যে, তেহরানের ওপর কৌশলগত চাপ সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন।
যুদ্ধ প্রস্তুতির বার্তা
দুই রণতরী ঘিরে গঠিত ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে রয়েছে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান F-35C Lightning II, বহুল ব্যবহৃত F/A-18 Super Hornet, নজরদারি বিমান E-2D Hawkeye এবং একাধিক হেলিকপ্টার স্কোয়াড্রন।
এছাড়া স্ট্রাইক গ্রুপের সুরক্ষায় থাকবে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার, যেগুলোতে মোতায়ন রয়েছে দূরপাল্লার Tomahawk ক্ষেপণাস্ত্র। মার্কিন নৌবাহিনীর দাবি, এই ক্ষেপণাস্ত্র প্রায় ৯০০ মাইল দূর পর্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এবং মাঝপথে লক্ষ্য পরিবর্তনের প্রযুক্তিও রয়েছে।
রণতরীগুলোতে রয়েছে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে উল্লেখযোগ্য Phalanx CIWS। এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রু মিসাইল বা ড্রোন প্রতিহত করতে সক্ষম।
সম্ভাব্য কৌশল: দ্রুত ও নির্ভুল হামলা?
সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি স্থলযুদ্ধে না গিয়ে সীমিত কিন্তু অত্যন্ত দ্রুত ও নির্ভুল আঘাতের কৌশল নিতে পারে। লক্ষ্য হতে পারে ইরানের শীর্ষ নেতৃত্ব, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং আকাশ প্রতিরক্ষা অবকাঠামো।
প্রথম ধাপে টমাহক মিসাইল দিয়ে রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম অচল করে দেওয়া, এরপর স্টেলথ ফাইটার দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা—এমন কৌশলের সম্ভাবনার কথাই বলছেন পর্যবেক্ষকরা।
রাজনৈতিক বার্তা
এই সামরিক সমাবেশের পেছনে রয়েছে ওয়াশিংটনের রাজনৈতিক বার্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দুই সুপার ক্যারিয়ারের উপস্থিতি তেহরানের ওপর চাপ বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই শক্তি প্রদর্শন কি বাস্তব সংঘাতে রূপ নেবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনায় সমাধান খোঁজা হবে? পারস্য উপসাগরের নীল জলসীমায় এখন উত্তেজনা তুঙ্গে, আর বিশ্বজুড়ে দৃষ্টি নিবদ্ধ এই সামরিক সমীকরণের দিকেই।

0 মন্তব্যসমূহ